Published : 18 Apr 2026, 04:29 PM
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতে তাদের এসব সাজা দেওয়া হয় বলে শনিবার সকালে জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. বিল্লাল শেখ, সোবহান হাওলাদার, মো. মনু মিয়া হাওলাদার, মো. মিরাজ হোসেন, কালিয়া বেপারী, জাকির দেওয়ান, মো. দুলাল, মিন্টু খা, মো. লিটন, অমৃত লাল মল্লিক, মিঠুন মল্লিক, মো. হাবিব মাঝি, মো. আবুল বাসার ও মো. চাঁন মিয়া শেখ।
সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জাটকা সংরক্ষণে শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার সদরের আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জাটকা ধরার সময় হাতে নাতে ১৭ জেলেকে আটক, তিনটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে এবং জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ড ও নৌ পুলিশের পৃথক দল সার্বিক সহযোগিতা করে।