Published : 18 Aug 2024, 10:08 PM
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া সব নেতাকর্মীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, তাকে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের লোকজন গুম করে রেখেছেন।
বিএনপি নেতা আব্দুল মুক্তাদির বলেন, “শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারণ ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, আনসার আলীকে আমরা এখনো ফিরে পাইনি।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের মতো সিলেটবাসীও প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে হাসিনার আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীসহ সব নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আঁকড়ে রাখতে বিরোধী মতের শত শত নেতাকর্মীকে গুম ও গণহত্যা করেছে। আমাদের গুম হওয়া সব নেতাকর্মীদের ফিরে পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। খুনি হাসিনা দেশে তাণ্ডব চালিয়ে ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।”
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মামুন, শাহাব উদ্দিন আহমদ, এ কে এম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী।