২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার জেরে হামলায় ৩ ছাত্র প্রতিনিধি আহত, মামলা

এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার জেরে হামলায় ৩ ছাত্র প্রতিনিধি আহত, মামলা
আহতদের একজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 02:33 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনার জেরে মাইক্রো বাস স্ট্যান্ডের লোকজনদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হওয়ার খবর এসেছে।

রোববার রাতে সরাইলের উচালিয়াপাড়া মাইক্রো বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

হামলায় আহতরা হলেন- সরাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। 

এর মধ্যে ইরফানকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ অন্য ছাত্র প্রতিনিধিরা হাসপাতালে ছুটে যান। 

আহতদের দাবি, রোববার রাত ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রো বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রো বাস স্ট্যান্ডে চলে যায়।  

পিছু নিয়ে স্থানীয়রা মাইক্রো বাসটিকে ওই স্ট্যান্ডে পেয়ে আটক করেন। 

খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন।  

এ সময় তারা মাইক্রো বাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। 

এনিয়ে স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে একটি ঢিল পড়ে মাইক্রো বাসের কাচ ভেঙে যায়। 

এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হেলালসহ তার লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায় বলে আহতদের অভিযোগ। 

সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় মাইক্রো বাস স্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ইরফান খান বাদী হয়ে আজ সকালে থানায় মামলা দিয়েছেন। এ  বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”