১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে মা-ছেলে-নানির লাশ: স্বজনদের দাবি হত্যা, কারণ খুঁজছে পুলিশ

“খালার বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি এক রুমে নানু, আরেক রুমে খাটের নিচে খালামনি আর খাটের উপর খালাতো ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 09:03 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার করা হয়েছে; যাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

দুই থেকে তিন আগে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রাম থেকে তিনজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম মনি (৬০), ছেলে আহাদ আলী হাওলাদার (২৫) এবং শাশুড়ি রাশিদা বেগম (৯৩)। এর মধ্যে রাশিদা বেগম কয়েকদিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আহাদ আলী পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকার শতশত মানুষ বাড়িতে ভিড় করেন। লাশ দেখে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের কান্নায় বাড়ির পরিবেশ ভারি হয়ে ওঠে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওয়তায় আনতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা।

মনিরার বোনের মেয়ে মিমি বেগম বলেন, “কয়েকদিন আগে আমার নানু রাশিদা খালার বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে খালাতো ভাই আমাদের ফোন দিয়ে বলে নানি মারা গেছেন। তখন আমি নানির খবর জানতে মনিরা খালাকে ফোন দিতে থাকি কিন্তু তিনি তিন দিন ধরে ধরেননি।

“সকালে খালার বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি এক রুমে নানু, আরেক রুমে খাটের নিচে খালামনি আর খাটের উপর খালাতো ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।” 

তিনি বলেন, “তাদের সাথে কারও বিরোধ আছে কি-না, কি কারণে তাদের হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। ঘরে খালামনির টাকা-পয়সা ছিল। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে; যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার দাবি করছি।”

পুলিশ সুপার নাছের রিকাবদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের ইউনিটসহ সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তথ্য ও আলামত সংগ্রহ করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে কি কারণ থাকতে পারে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন:  

বাগেরহাটে ঘরে পড়েছিল মা-ছেলে-নানির গলিত লাশ