Published : 04 Aug 2026, 04:56 PM
বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার করা হয়েছে; যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মো. হারুন অর রশিদ।
নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০), আহাদের নানি রাশিদা বেগম (৯৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কেন, কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
পুলিশ জানায়, প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে আরও দুজনের লাশ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কচুয়া থানার এসআই মাহমুদ হাসান বলেন, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শরীরে পচন ধরেছে।
ওসি হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।