১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল

এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়।

ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে সিল মারছেন পাঁচ তরুণ। সিসি ভিডিও থেকে নেওয়া।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 07:19 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ময়মনসিংহ-১১ আসনে ভোটকেন্দ্রে প্রবেশ করে একটি ভোটকক্ষ দখলে নিয়ে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনার পর কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখার পর ফের চালু হয়।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন।

জানা গেছে, বেলা আড়াইটার পর তরুণদের একটি দল ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় একটি বুথে পাঁচ তরুণ প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন। তবে বুথে দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মী উপস্থিত ছিলেন না। 

এ ঘটনার পর কেন্দ্রটিতে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটকক্ষে সিল মারার সিসি ভিডিও ফুটেজ এর মধ্যে ভাইরাল হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, “সিল মারার সিসি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়।”

তিনি বলেন, ঘটনার পর কিছু ব্যালট পেপার জব্দ করা হয়। তবে কোন প্রার্থীর লোকজন এটি করেছে, সেটি আরও যাচাই-বাছাই শেষে বলতে পারবেন বলে জানান।

ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি আলোচনায় আসার পরপর কয়েকজনকে শাস্তি দেওয়া হয়। তবে তারা কোন প্রতীকে সিল মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ ছাড়া ৪৫ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে।