১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 06:09 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

রংপুরে হামের উপসর্গ নিয়ে নয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী জানান, শনিবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হল।

নিহত মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছেন।

গত ৩০ মার্চ থেকে ১৭ মে  বিকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১ হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী।