Published : 17 May 2026, 12:01 PM
বান্দরবান সদর উপজেলার এক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই প্রায় ৭০টি দোকানপাট ও বসতঘর পুড়ে গেছে।
শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী।

স্থানীয়দের বরাত দিয়ে জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বলেন, শনিবার ভোরে হঠাৎ বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রুপ নেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭০টি দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্থদের কাছ থেকে জেনেছি বাজারের পেছনের একটি দোকান থেকে বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।”

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্গম এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।”
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বাঘমারা বাজার পুড়ে গিয়েছিল। তখনও বাজারে অনেক ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত হয়।