Published : 11 Jun 2026, 06:44 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক নারী যাত্রী।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বুড়িরঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান।
নিহত ফেরদৌস মিয়া (৫০) সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
আহত শাপলা বেগমকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি গাইবান্ধায় যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ‘অরিন ট্রাভেলসের’ একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মারা যান।
স্থানীয়রা আহত যাত্রী শাপলাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি সারোয়ার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পরপর চালক বাস নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।