হবিগঞ্জে মেলায় আতশবাজি ফোটানো নিয়ে আবার সংঘর্ষ, আহত ২০
একই ঘটনায় একদিন আগে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
হবিগঞ্জ সদর উপজেলায় নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের যুবকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, শহরের শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে পাঁচ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা চলছে। বুধবার বিকালে মেলায় আতশবাজি ফোটায় একদল যুবক। এ নিয়ে তাদের সঙ্গে মোহনপুর গ্রামের কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়।
তিনি বলেন, এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুদল যুবক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনার জেরে বিকালে আবার শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের দুই দল যুবক সংঘর্ষে জড়ান। এ সময় ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি শাহাবুদ্দিন শাহীন।
