সুগন্ধার তীর দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ
উচ্ছেদ করা জায়গায় যাত্রীদের সুবিধার্থে একটি ছাউনি নির্মাণ করা হবে। বলে জানিয়েছে নলছিটি পৌর কর্তৃপক্ষ।
ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট ও খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকালে নলছিটি পৌর কর্তৃপক্ষের অভিযানে এগুলো উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনা করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।
পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে নদীর তীরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এতে ঘাট এলাকায় যাত্রীদের চলাচল ও অপেক্ষার জায়গা সংকুচিত হয়ে পড়েছিল।
উচ্ছেদ করা জায়গায় যাত্রীদের সুবিধার্থে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এতে লঞ্চ ও খেয়াঘাটে আসা-যাওয়া করা যাত্রীরা অপেক্ষা করার জন্য একটি সুবিধাজনক স্থান পাবেন।
নদীর তীরের জায়গাটি দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, নদীর তীর বা সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ভবিষ্যতেও সরকারি জায়গা দখলের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
