Published : 03 Aug 2025, 05:17 PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আবারো সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল-সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধি ও স্থানীয় জনগণ।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেই, নিজস্ব ভবন নেই, নেই অপরাপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা। অথচ এটি সরকারের প্রতিষ্ঠান, সরকারের দায়িত্ব।
তিনি বলেন, “৯ বছর ধরে ধুঁকতে থাকা একটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নগণ্য অঙ্কের ডিপিপি অনুমোদনে সরকারের এই নির্লিপ্ততা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত। আমরা কী ধরে নেব যে, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় বলেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না।”

বিক্ষোভ কর্মসূচিতে অন্য বক্তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন নিয়ে ক্রমাগত অবহেলা ও কালক্ষেপণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা হতাশ ও ক্ষুব্ধ। এ দাবির প্রেক্ষিতে তারা গত ২৪ জুলাই থেকে লাগাতার নানা কর্মসূচি করলেও সরকার এতে কোনো কর্ণপাত করেনি।
কেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামতে হবে- এমন প্রশ্ন রেখে বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও শিক্ষার্থীদের প্রতি সরকারের মনোযোগ দেওয়ার দাবি করেন।
পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে ১০ অগাস্ট পর্যন্ত টানা ৭ দিনব্যাপী মহাসড়কে নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মহাসড়ক থেকে সরে যান তারা।
এদিকে এই বিক্ষোভের সময় মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটক পড়ে। এতে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে ২০১৬ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠা পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০। ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানে।
শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মানে প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি।
সবশেষ ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন প্রস্তাব পাঠানো হয়; যা একনেকে অনুমোদেনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে ছিল।
১৬ জুন প্রকল্প এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফিরে গিয়ে উপদেষ্টা এই স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না করার প্রস্তাবনা দেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
পুরানো খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 'প্রতীকী' ক্লাস, যাত্রীদের ভোগান্তি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে বিলম্ব, রিজওয়ানার পদত্যাগ দাবি