২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জ-৪: আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থীকে তলব

৪ জানুয়ারি সকালে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

সিরাজগঞ্জ-৪: আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থীকে তলব

সিরাজগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শফি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 03:07 PM

Updated : 02 Jan 2024, 03:07 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থীকে নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার সকালে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমান নোটিশ পাঠান বলে জানান ওই আদালতের সেরেস্তাদার প্রদ্যুৎ কুমার ধর।

নোটিশে বলা হয়, সোমবার সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বরের পাশে নৌকার প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফি আচরণবিধি লঙ্ঘন করে বিশাল প্যান্ডেল বানিয়ে নির্বাচনি জনসভা করেছেন। সরেজমিন পরিদর্শনকালে নোটিশকারী বিষয়টি অবগত হয়েছেন।

সেখানে আরও বলা হয়, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে নৌকার প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।