১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ-৭: বিএনপির লিটনসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এ জেলায় ১১টি আসনের মধ্যে সাতটি আসনে যাচাই-বাছাইয়ে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ-৭: বিএনপির লিটনসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 06:16 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান বলেন, মামলার তথ্য গোপন করায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্য প্রার্থীরাও তথ্য গোপন করায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

ময়মনসিংহ-৭ আসন থেকে মোট নয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

তারা হলেন- বিএনপির মো. মাহাবুবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, জয়নাল আবেদীন, আবুল মুনসুর, খেলাফত মজলিসের নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কুদ্দুস।

এদিকে ময়মনসিংহ-৪ সদর আসনে যাচাই-বাছাইয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে দুইজনের। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরে আলম সিদ্দিকী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।

এর আগে শুক্রবার ময়মনসিংহের তিনটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এ নিয়ে জেলায় ১১টি আসনের মধ্যে সাতটি আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং কর্মকর্তা।