Published : 19 Oct 2025, 06:43 PM
মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মাছ শিকার করায় ত্রিশ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মায় নিয়মিত মাছ শিকার চলছে- গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর শনিবার বিকালে ফরিদপুরের নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
সদর উপজেলা নিবাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার খবরে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।

“পরে সেখান থেকে ত্রিশ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য পনেরো লাখ টাকা হবে।”
তিনি বলেন, পরে স্থানীয় সকলের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগ, র্যাব-১০, কোতয়ালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ফরিদপুর ও রাজবাড়ীর জেলেরা জানিয়েছিলেন, সরকারিভাবে সব জেলে প্রণোদনার চাল পাননি। এছাড়া ঋণের কিস্তি পরিশোধসহ আর্থিক চাপ আর পরিবারের চাহিদা মেটানোর জন্য বাধ্য হয়েই নদীতে নামতে হয় তাদের।