লক্ষ্মীপুরে পুকুরে মিলল যুবকের মরদেহ
“আরিফ সাঁতার জানতো না। কোনো কারণে পুকুরে নামার পর সে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তোরাবগঞ্জ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধারের খবর জানিয়েছেন কমলনগর থানার ওসি ফরিদুল আলম।
নিহত ৩৫ বছর বয়সী আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষক মো. আক্তার হোসেনের ছেলে ও তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা।
নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু বলেন, “আরিফ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে। সে দীর্ঘদিন ধরে ‘মৃগীরোগে’ ভুগছিল। তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।”
তিনি বলেন, “আরিফ সাঁতার জানতো না। কোনো কারণে পুকুরে নামার পর সে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
‘মৃগীরোগে আক্রান্ত’ আরিফ পুকুরে গোসল করতে নেমে অসুস্থ হয়ে ডুবে গেছে বলে ওসি ফরিদুল আলমেরও ধারণা।
এ পুলিশ কর্মকর্তা বলেছেন, “প্রাথমিকভাবে এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি; ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
