নেত্রকোণায় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের প্রাণ গেছে।
রোববার রাতে পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার জানিয়েছেন।
নিহত ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাচ্চু খান ওই গ্রামের বাসিন্দা।
ওসি সজল বলেন, “রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাচ্চু খান।
“পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন, “হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা গেছেন।”
