নোয়াখালীতে পাল্টা মিছিল করে আওয়ামী লীগ অফিসে ফের তালা
এর আগে সকালে কয়েকজন কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা ব্যানার টানান।
নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ফের তালা দিয়েছে যুবদলের কর্মীরা।
বুধবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে মিছিল নিয়ে মাইজদী শহরের প্রধান সড়কের পাশে জেলা আওয়ামী লীগের কার্যালয়টিতে তালা দেন তারা।
এর আগে সকাল ৭টার দিকে কিছু ব্যক্তি নিজেদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক পর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দিয়ে স্লোগান দেন এবং মিছিল করেন।
খবর পেয়ে সকাল ১০টার দিকে ব্যানারটি অপসারণ করে পুলিশ।
এ সময় কার্যালয়ের সামনে থেকে পুলিশ পাঁচজনকে আটক করে বলে সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ২০২৪ এর গণঅভ্যুত্থানের আগের দিন ৪ জুলাই নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভেতরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়।
আগের সংবাদ
