Published : 18 Feb 2026, 01:55 PM
নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন নেতাকর্মী।
বুধবার সকাল ৭টার দিকে শহরের মাইজদীতে প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ব্যানারটি অপসারণ করে পুলিশ।
এ সময় কার্যালয়ের সামনে থেকে পুলিশ পাঁচজনকে আটক করে বলে সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ২০২৪ এর গণঅভ্যুত্থানের আগের দিন ৪ জুলাই নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভেতরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়।
তারা বলছে, বুধবার সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী হঠাৎ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দিয়ে স্লোগান দেন এবং মিছিল করেন। মিছিলকারীরা নিজেদের তৃণমূল আওয়ামী লীগের কর্মী বলে পরিচয় দেন।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এ সময় মোবাইল ফোনে অনেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ওসি তৌহিদুল ইসলাম বলেন, “ভোরে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে মিছিল করে। কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।”
এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।