Published : 07 Apr 2026, 01:59 PM
নোয়াখালীতে ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেশন ছাড়ে। পথে বারবার ভাঙা গাছের কারণে ট্রেনটি বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে।
সোমবার মধ্যরাতের ঝড়ে রেললাইনের বিভিন্ন জায়গায় গাছ পড়ে যায় বলে নোয়াখালী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান।
তিনি বলেন, “এই কারণে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টায় নোয়াখালী স্টেশন ছাড়ার কথা থাকলেও গাছ সরানোর অপেক্ষায় থাকতে হয়। ফলে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরি করে সেটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ে।
“নোয়াখালী স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটি যখন মাইজদী কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিল, তখন হরিনারায়ণপুর স্টেশনের কাছে রেল লাইনে ঝড়ে ভেঙে পড়া গাছ পড়ে থাকার খবর আসে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই গাছ সরিয়ে দেন। এরপর ট্রেনটি কোনোমতে মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছায়।”

তিনি বলেন, “ট্রেনাট মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছাতে পারলেও পরের স্টেশন ইমামবাজার সংলগ্ন রেললাইনেও গাছ পড়ে থাকায় আবার আটকে যায়। এ গাছ পরিষ্কার করতে করতে সকাল ৮টা ২৩ মিনিট বেজে যায়। পরে ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।”
ট্রেনের চালক রফিকুল ইসলাম বলেন, “ট্রেনটি ৮টা ৪০ মিনিটে চৌমুহনী স্টেশনে পৌঁছায়। সেখান থেকে ৪ মিনিট পর লাকসামের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।”
এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন বিলম্বের কারণে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ খুঁজে নেন বলে জানান তিনি।