Published : 25 Apr 2026, 12:18 PM
চাঁপাইনবাবগঞ্জে ‘চাঁদা আদায়কে’ কেন্দ্র করে দুই মোটর শ্রমিক সংগঠনের বিরোধে বন্ধ থাকা দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটের বাস চলাচল আবার শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন রুটে ধীরে ধীরে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
এতে আগের দিনের ভোগান্তি কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।
পুলিশ ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে।
সম্প্রতি এ বিরোধ প্রকাশ্যে রূপ নেওয়ায় একপক্ষ শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু করলে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয়দেরও চরম দুর্ভোগে পড়তে হয়।
এ পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা সাময়িকভাবে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, “গত রাতের বৈঠকে আগামী ২৮ এপ্রিল দুই পক্ষকে নিয়ে মীমাংসায় বসার দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে রাস্তায় চাঁদা তোলা হবে না এমন আশ্বাসের ভিত্তিতেই আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করেছি।”
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “২৮ এপ্রিল নির্ধারিত বৈঠককে সামনে রেখে তারা আপাতত কর্মবিরতি তুলে নিয়েছে এবং বাস চলাচল শুরু হয়েছে। সেদিন স্থায়ী সমাধানে আলোচনা চলবে।”
শ্রমিক নেতারা জানান, চাঁদা আদায় সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও সাময়িক সমঝোতার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রশাসনের তত্ত্বাবধানে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে জরুরি কাজে গন্তব্যে রওনা দিয়েছেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, বিরোধের স্থায়ী সমাধান না হলে আবারও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আগের সংবাদ
'চাঁদা আদায়' নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস