Published : 24 Apr 2026, 07:58 PM
‘চাঁদা আদায়কে’ কেন্দ্র করে দুই মোটর শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলার সব পথের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি এ বিরোধ প্রকাশ্যে রূপ নেওয়ায় একপক্ষ সকাল থেকে কর্মবিরতি শুরু করলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন চালক ও যাত্রীরা।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, “রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কোনও নিয়ম নেই। আমরা দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ড থেকে গাড়িপ্রতি ৩০ টাকা হারে সার্ভিস চার্জ নিচ্ছি।
“কিন্তু আমাদের সংগঠন থেকে বের হয়ে যাওয়া একটি পক্ষে ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে সংগঠন করে বাইরে থেকে আসা বাস আটকিয়ে চাঁদা তুলছে; যা নিয়মবহির্ভূত। এর প্রতিবাদে আমরা কর্মবিরতিতে আছি।”
জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, “আমরা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছি। বরং ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন অবৈধভাবে বাস থেকেও চাঁদা আদায় করছেন; যার কোনো অনুমতি তাদের নেই।”
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠক করলেও সমঝোতা হয়নি।
তিনি বলেন, “দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড়। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। সেইসঙ্গে সড়কে কোনও ধরনের চাঁদাবাজি না করতে উভয়পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”