১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি

শনিবার সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। পরে হাইওয়ে পুলিশের ঘন্টা দেড়েকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি
ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 03:05 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সেতুর জরুরি সংস্কারের কারণে দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। 

শুক্রবার থেকে চলমান যানজট শনিবার সকাল সাড়ে ১০টার পর থেকে কমেছে বলে জানিয়েছে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শফিউল আলম। 

হাইওয়ে পুলিশ জানায়, সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় একটি সেতুর ঢাকামুখী লেনে তৈরি হওয়া গর্ত জরুরি ভিত্তিতে শুক্রবার ভোরে সংস্কার করা হয়। এ কারণে মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার যানজট দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, “গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় গর্তের সৃষ্টি হয়। যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার তা জরুরি ভিত্তিতে সংষ্কার করা হয়।

“প্রায় ৫ মিটারের ওই গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।”

শনিবার দুপুর দেড়টার দিকে ওসি শফিউল আলম বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। পরে হাইওয়ে পুলিশের ঘন্টা দেড়েকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

যান চলাচল স্বাভাবিক করতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত সদস্য মহাসড়কের ওই অংশটিতে ডিউটিতে ছিলেন জানিয়ে তিনি বলেন, “মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। এখন সব স্বাভাবিক রয়েছে।”