১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় আগুনে পুড়ল পুলিশ হেফাজতে থাকা ৩ অটোরিকশা

ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী চালকরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 10:36 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

পাবনায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সিএনজি চালিত তিনটি অটোরিকশা আগুনে পুড়েছে।  

শনিবার সকালে জেলা পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটতে পারে বলে দাবি পুলিশের। 

তবে এমন ঘটনা ‘অস্বাভাবিক’ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করছেন ভুক্তভোগী চালকরা।

পুলিশ ও অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশকিছু সিএনজি চালিত অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা দেয় যৌথবাহিনী। পরে আটক অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডের স্টাফ মেসের সামনের মাঠে নিয়ে রাখা হয়।

সেখানে থাকা অবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায় বলে দাবি পুলিশের। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয় আর দুটি আংশিক পুড়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, কোনো নোটিস ছাড়াই হঠাৎ শুক্রবার বেশকিছু অটোরিকশা আটক করে মামলা দেয় যৌথবাহিনী।

এরপর চালকেরা নিজে চালিয়ে ভালো গাড়ি ওই মাঠে রেখে গেলেও পরদিন সকালে পুলিশ বলছে, হঠাৎই আগুন লেগে তিনটি গাড়ি পুড়ে গেছে। 

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, “বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। তবে শুনেছি, একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং দুইপাশে থাকা দুইটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তাছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখা হবে।”

যদিও চালকরা বলছেন, প্রতিদিন তারা সাধারণভাবেই বাড়িতে অটোরিকশা রাখেন। কখনো এমন ঘটনা ঘটেনি। অথচ পুলিশি হেফাজতে এমন ঘটনা ঘটায় হতবাক তারা। 

ঋণ করে কেনা অটোরিকশা পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। তাদের দাবি, অটোরিকশা মেরামতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।