Published : 10 May 2026, 08:25 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পারিবারিক বিরোধে চাচা ও চাচাতো বোনের হামলায় এক নারী নিহতের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম।
নিহত জাহানারা বেগম (৪৮) উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ার প্রয়াত গোলাম মাওলার মেয়ে এবং একই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জাহানারার বাবার বাড়ির লোকজনের সঙ্গে চাচা কুদ্দুস মিয়ার (৫৫) মনোমালিন্য চলে আসছে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে কুদ্দুস মিয়ার সঙ্গে জাহানারার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে কুদ্দুস মিয়ার মেয়ের সঙ্গে জাহানারার চুল ধরে টানাটানির ঘটনা ঘটে। পরে কুদ্দুস মিয়ার পরিবারের লোকজন জাহানারাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জাহানারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনও অভিযোগ দেওয়া হয়নি; পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শাহিনুল ইসলাম।