২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তেলের ট্রাকে বিস্ফোরণ, পুড়ল ৮ দোকান

পুড়ে গেছে চারশ ব্যারেল তেল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 10:03 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর থেকে ছড়িয়ে পড়া আগুনে তেলের ডিপোসহ ৮টি দোকান পুড়ে গেছে।

উপজেলার তাহেরপুর বাজারে রোববার বিকাল ৫টার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান।

স্থানীয়রা জানান, তাহেরপুর বাজারে আলিফ নামে এক ব্যবসায়ী দোকানে ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকালে ওই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয় এবং তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ ইব্রাহিম বলেন, “খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট ৮টি দোকান পুড়ে গেছে।”

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  

ইব্রাহিম বলেন, “তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।”

ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার ধারণা।