১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ সিটি ভোট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন কাউন্সিলর

৯ মার্চ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সিটি ভোট: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন কাউন্সিলর

কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফরহাদ আলম।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 12:54 AM

Updated : 23 Feb 2024, 12:54 AM

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ১১ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে একজনের প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করা হয়। পরে তিনি আর আবেদন করেননি। 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় ফরহাদ আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয় বলে জানান তিনি। 

ফরহাদ আলম বলেন, “এ নিয়ে টানা তিনবার কমিশনার ও কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নির্বাচন হলে জনপ্রিয়তা যাচাই করা যায়। নির্বাচন না হওয়ায় এবার নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছি না।

“তবে এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার পাশে থাকার জন্য। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাব।” 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

নির্বাচন কর্মকর্তা সাইফুল বলেন, মেয়র পদে মোট সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলুর মনোনয়ন আগেই বাতিল হয়ে যায়। 

এরপর বাকি ছয় প্রার্থীর মধ্যে প্রত্যাহারের শেষদিন অ্যাডভোকেট ফারমার্জ আল নূর রাজীব মেয়র পদ থেকে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান তিনি।

নির্বাচন কর্মকর্তা বলেন, “এই নির্বাচনে নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই ও আপিলে টিকে থাকে ১৫৮ জন। তাদের মধ্যে ৯ জন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ১৪৯ জন। 

“তবে ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এই পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬৯ জন বহাল রয়েছে।” 

এ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। 

আগামী ৯ মার্চ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।