১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘চড় দেওয়ায়’ বন্ধুকে হত্যা করে গাঢাকা

সন্দেহভাজন সাগরকে ধরতে চেষ্টা চালানোর কথা জানিয়েছেন ওসি এমরানুল।

‘চড় দেওয়ায়’ বন্ধুকে হত্যা করে গাঢাকা

লাশ উদ্ধারের পর উৎসুক জনতার ভিড়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 10:27 PM

Updated : 19 Jun 2023, 10:27 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর রাব্বি নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, রাব্বির হাতে চড় খেয়ে বদলা হিসেবে তাকে খুন করেছে তারই এক বন্ধু।

সোমবার বিকালে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

১৬ বছর বয়সী রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত শনিবার রাতে মোবাইল কেনাবেচার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাব্বি। পরে আর তার সন্ধান না পাওয়ায় রোববার পরিবারের তরফে থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর তদন্তে নামে পুলিশ।

তদন্তে রাব্বি নিখোঁজের পেছনে ফুলবাড়িয়া এলাকার তার বন্ধু সাগরের (১৯) সংশ্লিষ্টতা পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, “রাতে সাগরের বাড়িতে পুলিশ অভিযান চালায়, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান, রাত ২টার পর সাগরের সাথে তার কথা হয়েছে। তখন সাগরের মায়ের মোবাইল যাচাই করে একটি কল রেকর্ড পাওয়া যায়।

“ওই রেকর্ডে সাগর তার মাকে বলে, রাব্বি তাকে একবার চড় দিয়েছিল। তাই তাকে মেরে এলাকার একবাড়ির ঝুপড়িতে ফেলে দিয়ে সে ঢাকায় পালিয়ে গেছে।”

পরে তল্লাশিকালে পশ্চিম ফুলবাড়িয়ায় একটি বাড়ির ঝোপে রাব্বির মরদেহ পাওয়া যায় উল্লেখ করে ওসি এমরানুল বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।”