Published : 20 Jul 2023, 09:36 PM
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছে ৪০ বাংলাদেশি নারী ও শিশু।
বৃহস্পতিবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবীব।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
আহসান হাবীব জানান, এই দফায় ২০ নারী ও ২০ শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশসহ নানা অপরাধে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা।
ভুক্তভোগী জুলেখা খাতুনের উদাহরণ দিয়ে ওসি বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে তিনি ভারতে গিয়েছিলেন। এরকম অনেকেই আছে। ভারতে গিয়ে বাসাবাড়ি বা কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে কলকাতার বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের শেল্টার হোমে স্থান হয় তাদের।
পরে দুই দেশের যৌথ প্রচেষ্টায় এসব নারী-শিশুকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এরপর বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতি এই ৪০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, “ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ১৭, রাইটস যশোর ১৬ এবং মহিলা আইনজীবি সমিতি ৭ জনকে গ্রহন করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”