সকালে নিখোঁজ স্কুলছাত্রের লাশ বিকালে মিলল খালে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এস এম মাকসুদ আলম জানান।
শিশু হাসান খান (১০) ঘটকেরচর এলাকার রাসেল খানের ছেলে। সে ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাতে ওসি মাকসুদ আলম বলেন, সকাল ১০টার পর থেকে রাসেলের কোনো সন্ধান পায়নি পরিবার। বিকাল ৩টার দিকে বাড়ির সামনে খালে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “পরিবারের দাবি হাসান সাঁতার জানতো। পুকুরে ডুবে মারা গেলে পেটে পানি থাকতো। তাই শিশুর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে বলে জানান ওসি।
