১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক ৫

ভাড়াটিয়ার ঘরের খাটের ওপর বিছানার নিচে শপিং ব্যাগে এসব পাওয়া যায় বলে জানায় পুলিশ।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 10:22 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

বরগুনার তালতলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম গাবতলী এলাকার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন তালতলী থানার ওসি সাইদুল ইসলাম।

আটকরা হলেন- তালতলী উপজেলার আংগারপাড়া এলাকার লিটন শিকদারের ছেলে লিমন (২৮), বরগুনা সদরের কেওড়াবুনিয়া এলাকার শাহ আলমের ছেলে মো. জামাল (২৭), কলাপাড়ার চাকামইয়া এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫), নড়াইলের লোহাগড়া উপজেলার কাঠালতলী এলাকার আনোয়ার খানের ছেলে জিহাদ (৩৫) এবং বরগুনা সদরের আমড়াঝুড়ি এলাকার মোসলেম মোল্লার ছেলে হৃদয় (২৪)।

পুলিশ জানায়, গোপর খবর পেয়ে ওই এলাকার মো. রিয়াজ কাজীর বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বাড়ির ভাড়াটিয়া লিমনের কক্ষের খাটের ওপর বিছানার নিচে একটি শপিং ব্যাগ পাওয়া যায়।

এতে চীনের তৈরি একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। এ সময় লিমনসহ পাঁচজনকে আটক করা হয়।

ওসি সাইদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তবে তারা এখানে কি কারণে এসেছেন তা জানার চেষ্টা চলছে।