১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন আহতের খবর, খোঁজ নিচ্ছে বিজিবি

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় তারা গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন আহতের খবর, খোঁজ নিচ্ছে বিজিবি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুইজন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 07:33 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খোঁজ নেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্তে ৩৩ ও ১৭ বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি কাজ করছে। তারা কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তার খোঁজখবর নেওয়া হচ্ছে।

আহতরা হলেন- উপজেলার শীতলপুর গ্রামের মো. শাহীন (২৮) এবং একই এলাকার মো. মহিউদ্দিন (৪০)। তাদের মধ্যে মহিউদ্দিনের হাতে এবং শাহীনের পিঠে গুলি লেগেছে। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শাহীনের ভাই ফারুক বলেন, “রাত দেড়টার দিকে শাহীন ও মহিউদ্দিন সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফ সদস্যরা। এতে তারা গুলিবিদ্ধ হন।”

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুজায়েত হোসেন বলেন, বুধবার ভোরে ওই দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করান একজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাতক্ষীরায় পাঠানো হয়।

ওসি জুয়েল হোসেন বলেন, ওই দুইজন ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের গুলির শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন সীমান্তে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাতক্ষীরার নীলডুমুর-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, ওই দুইজন যে বিএসএফের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন, এমনটা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে।