Published : 27 Jan 2026, 11:12 AM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজীব জানিয়েছেন।
সদর উপজেলার গোবরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিদ্যালয়ের মূল গেইটের সামনে ককটেল নিক্ষেপ করে এবং দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে প্রক্টর আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রক্টর আরিফুজ্জামান বলেন, “দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি ক্যাম্পাসের গেটের প্রায় ৬০-৭০ মিটার দূরে থেকে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।
“ককটেলটি মেইন গেটের কাছাকাছি পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।”
তিনি বলেন, “খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে আমি ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এবং উপাচার্য স্যার ঘটনাস্থলে আসেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জেলা পুলিশের মিডিয়া গ্রুপের মাধ্যমে জানান, সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি ও তল্লাশি অভিযান চালান। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ককটেলটি হাতে বানানো এবং বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ককটেল নিক্ষেপকারীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশের মিডিয়া গ্রুপে জানানো হয়েছে।