২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে উপসর্গ নিয়ে ২ দিনে ২ শিশুর মৃত্যু

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ৭০ জনে দাঁড়াল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 01:15 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে পরপর দুই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

সোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, শনিবার ও রোববার ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় ৫ মাস বয়সি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলায়। এর আগের ২৪ ঘন্টায় ৭ মাস বয়সি এক মেয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি জেলার সদর উপজেলায়।”

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৬ শিশু।

গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৪৬১ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫ শিশু। এই সময় মোট মৃত্যু হয়েছে ৭০ শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “হামের প্রকোপ কমছে না। নিয়মিত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছে।”

হাসপাতালে এখনও কোনো আইসিইউ স্থাপন হয়নি বলেও জানান তিনি।