১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরের বাড়িতে চিরশায়িত হলেন ভূমিকম্পে ঢাকায় নিহত বাবা-ছেলে

শনিবার ভোরে বাবা-ছেলের মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন।

লক্ষ্মীপুরের বাড়িতে চিরশায়িত হলেন ভূমিকম্পে ঢাকায় নিহত বাবা-ছেলে
আব্দুর রহিম ও তার ছেলে মেহেরাব হোসেন রিমন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 03:06 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় রেলিং ভেঙে পড়ে নিহত আব্দুর রহিম ও তার ছেলে মেহেরাব হোসেন রিমনের দাফন সম্পন্ন হয়েছে।  

শনিবার সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে। 

লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম (৪৮) রাজধানীর সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

শুক্রবার সকালে মেজো ছেলে মেহেরাব হোসেন রিমনকে (১২) নিয়ে তিনি বাজার করতে বের হয়েছিলেন। হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 

পরে শনিবার ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা। 

নিহতের নিকটাত্মীয় ও বশিকপুর মহিলা মাদরাসার সুপার মাওলানা মোরশেদ আলম বলেন, “আব্দুর রহিম ভালো মানুষ ছিলেন, তার ছেলে রিমন পুরান ঢাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তাদের মৃত্যু খুবই কষ্টদায়ক।”

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, “আব্দুর রহিম ও তার ছেলে রিমনের মৃত্যু আমাদের ইউনিয়নের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের চলে যাওয়া আমাদের সকলকে শোকাহত করেছে। আমরা সবসময় তাদের পরিবারের পাশে আছি।”

আগের সংবাদ

ভূমিকম্পবংশালে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু