Published : 11 Nov 2025, 02:25 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো শক্তি দেশ-বিদেশে নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেস সচিব।
তিনি বলেন, “আওয়ামী লীগের একটি-দুইটি ককটেল বা দেশি-বিদেশি এমন কোন শক্তি নাই যে, নির্বাচনকে বানচাল করতে পারে।
“বাংলাদেশের মানুষ একটি ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন দেখবে। নির্বাচন উৎসবমুখর হবে।”
শফিকুল আলম বলেন, “১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ভায়োলেন্স অ্যাকটিভিটি (নাশকতা) করার চেষ্টা করছে। আমাদের পুলিশ সতর্ক আছে এবং তারা অ্যাকশনে যাচ্ছে। তারা এ পর্যন্ত সাতটি বাসে আগুন দিয়েছে। আমরা ধারণা করছি, এটা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের লোকেরা করছে।
“এছাড়া খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহে। একজন ঘুমন্ত চালক নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণে। এসব প্রত্যেকটি ঘটনাই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”
প্রেস সচিব বলেন, “এগুলোর আলামত দেখে বুঝতে পারছি এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছে, কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে। কেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।