Published : 02 Jun 2026, 06:34 PM
ময়মনসিংহ নগরে ডাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই নারী।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর মনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই হান্নানউল আলম।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত দুই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
এসআই হান্নানউল আলম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ চলছে।