হাম: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
বরিশাল বিভাগে এখন পর্যন্ত হাম রোগীর সংখ্যা ১৭৫ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানিয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ১৪০ শিশু ভর্তি হয়েছে।
মারা যাওয়া দুই বছর বয়সী শিশু জিহাদ পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের ছেলে এবং অপরজন ভোলা চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের মো. হাসানের ৭ মাস বয়সী কন্যাশিশু হাবিবা।
মশিউল মুনীর বলেন, “হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন।
“গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৯৮ জন।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১৪৭ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪০ জন।
বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫০ জন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৫ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ২৪, ভোলায় ৬, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে ২ জন রোগী মারা গেছেন।
এর মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছে বলে লোকমান হাকিম জানিয়েছেন।
