১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক ও তার সহকারী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 11:47 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন চালক ও সহকারী।

সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার এসআই আব্দুর রহিম।

নিহতরা হলেন- সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। 

আহত ট্রাক চালক ও তার সহকারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এসআই আব্দুর রহিম বলেন, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে গন্তব্যে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুইজন শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই আব্দুর রহিম।