নোয়াখালীর সব কমিটি বিলুপ্ত করল জেলা বিএনপি
তৃণমূল থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরো গতি আনতে এ সিদ্ধান্ত হয়েছে, বলেন জেলা বিএনপির সদস্য সচিব।
নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার জেলা শহর মাইজদীতে একটি রেস্তোরাঁয় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিকালে দলটির জেলার সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ জানান।
তিনি বলেন, সভায় আগামী তিন মাসের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন এবং তৃণমূল থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“তিন মাসের মধ্যে দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে জেলার নয় উপজেলা, আটটি পৌরসভা, ৮৩ ইউনিয়ন এবং সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটিগুলো করা হবে।”
“প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে।”
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপি জাতীয়
নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবিএম জাকারিয়া।
এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার, জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আহ্বায়ক কমিটির সদস্যরা ছিলেন।
