১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপু‌রে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ২

ওসি বলেন, একবার মারামারি থামানোর পর মীমাংসার কথা বলতে এক পক্ষের বাড়িতে যায় অপর পক্ষ। এ সময় ফের একজনকে মারধর করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 10:15 AM

Updated : 26 Aug 2026, 05:32 PM

মাদারীপুরের রাজৈর পৌরসভায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে গান বাজাতে নিষেধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতাসহ দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত পৌর এলাকার বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে দুই দফায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম। 

আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় বিষয়টি নিষেধ করেন রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫)। এ সময় মসজিদের ভিতরে বসেই শহীদের ভাই অলি শেখের (৪০) সঙ্গে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। 

এরই জের ধরে সন্ধ্যায় রাজৈর বাজারের বেপারীপাড়া মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পরে পশ্চিম রাজৈর গ্রামে ফিরে মিমাংসার জন্য অলি পক্ষের লোকজন জাহাঙ্গীরের বাড়ি গেলে সেখানে আবার সংঘর্ষ হয়। এ সময় মারধরের শিকার হন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর। 

তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন।

ওসি শেখ আমিনুল ইসলাম জানান, একবার মারামারি থামানোর পর মীমাংসার কথা বলতে এক পক্ষের বাড়িতে যায় অপর পক্ষের লোকজন। এ সময় ফের একজনকে মারধর করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে গেছে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় পুলিশের টহল রাখা হয়েছে বলেও জানান তিনি।