১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় নারিকেল গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

এ সময় বিদ্যুৎ ছিল না, ফলে দুজন পানি থেকে গাছের ডাল সরাতে যান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 07:29 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান।  

নিহতরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইয়ুব উদ্দিনের ছেলে গোলাম মওলা  (৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিম উদ্দিন (৬০)।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, দাড়াপাড়া গ্রামের আজিম উদ্দিনের নারকেল গাছ কাটছিলেন গোলাম মওলা। এ সময় গাছটি বিদ্যুতের তারে পড়লে সেটি ছিঁড়ে নিচের পানিতে পড়ে যায়। 

এ সময় বিদ্যুৎ ছিল না। ফলে দুজন পানি থেকে গাছটি সরাতে যান। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসায় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই গোলাম মাওলা মারা যান।   

গুরুতর অবস্থায় আজিম উদ্দিনকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনিও মারা যান।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।