১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 06:02 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরন মিয়া (৪০) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।

হাসপাতাল ও কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। 

কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, “অসুস্থ হওয়ার পরপরই মরন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। 

“হাসপাতালে পৌঁছানোর পর তার প্রেসার, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।”

গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন বলে জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন। 

তিনি বলেন, নিহতের মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।