Published : 10 Aug 2026, 10:12 PM
দুর্ঘটনায় সহপাঠী নিহতের পর তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি ইসমাইল হোসেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- নিহতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্টের অবহেলার জবাবদিহি এবং আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করার বিষয়ে উপাচার্যের কাছে ব্যাখ্যা দাবি।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারের পাঁচ যাত্রী আহত হন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ছিলেন।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ইয়াসিনকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনার পর রোববার রাত ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাতে সহপাঠী ইয়াসিন মারা যাওয়ার খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর আবারও রাস্তায় নেমে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকালে তারা আবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও বৈঠক করেন। সেখানে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। তারা দাবি মানার জন্য বিকাল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।
এদিকে সোমবার ভোরে ইয়াসিনের পরিবার লাশ নিয়ে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও যায়। সেখানে বাদ মাগরিব তাকে দাফন করা হয়।
সন্ধ্যার পর শিক্ষার্থীরা আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে জানিয়ে বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের দুই পাশ আটকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে। এ কারণে ভোলা, বরগুনা ও পটুয়াখালীর পথে চলাচলকারী সব যানবাহন আটকা পড়েছে। পুলিশ শিক্ষার্থীদের অবস্থানের কাছকাছি রয়েছে।
ওসি বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। তাই শিক্ষার্থীদের কাছে গিয়ে সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। আপাতত বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন অর রশিদ বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
আরও পড়ুন:
দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক আটকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
সড়কে হতাহতের পর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ