০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সড়কে হতাহতের পর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ

বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 11:18 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ চার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলার যাত্রী এক শিক্ষার্থীসহ চারজন গুরুতর আহত হন। এতে একজন নিহতও হন। 

এ ঘটনার পর রাত ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ১০টায় তারা সড়ক ছাড়েন বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন। 

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হল- আহত শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে; ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত করতে হবে; বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা করতে হবে; বিশ্ববিদ্যালয়ের সুরক্ষার স্বার্থে ক্যাম্পাসের উভয় পাশে ফুটপাত নির্মাণ ও চালু করতে হবে।

দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

আন্দোলনরত বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের সব দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমরা দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়ন চাই।”

আরেক শিক্ষার্থী ভূমিকা সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা দাবি জানিয়েছি, কিন্তু তা পূরণ করা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো রক্ত না ঝরা পর্যন্ত কোনো দাবি পূরণ হয় না। আহত শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ প্রশাসনকেই নিতে হবে।”

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, “শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব মেনে নেবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করছি।”

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে সোমবার একই কর্মসূচি পালন করবেন তারা।