১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে এক সন্ধ্যায় বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৪

শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে এক সন্ধ্যায় বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৪
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 11:11 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় এসব দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম জানান।   

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজীরগাঁও গ্রামের আলতাফ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৫), বাহুবল উপজেলার মিরপুর চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে রিংকু দেবনাথ (৩০) এবং বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জয়ধর আলীর ছেলে সুজন মিয়া (১৬)।

বজ্রপাতে আহতরা হলেন- সিয়াম মিয়া (১৭), হাফিজ উদ্দিন (২২) ও পারভেজ মিয়া (২৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান। 

অপরদিকে, বোনের বাড়িতে বেড়াতে চুনারুঘাটে এসেছিলেন রিংকু দেবনাথ। সন্ধ্যায় তিনি তার ভাগনে পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বজ্রপাতে দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথ চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে বানিয়াচংয়ে শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।