০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘২৫ লাখ টাকার’ সোনার বারসহ যুবক আটক

সোনার বারটি ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে দাবি বিজিবির।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 04:09 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

যশোর সদর উপজেলায় ২৫ লাখ টাকা মূল্যের একটি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলছে বিজিবি।

বুধবার ভোরে যশোর-চৌগাছা মহাসড়কে উপজেলার দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

আটক হাসান কবীর নয়ন (৩০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম সাইফুল আলম খান বলেন, গোপন খবর পেয়ে ভোর ৩টা ৪৫ মিনিটে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। 

পরে আটক ব্যক্তির শরীর তল্লাশি করে একটি সোনার বার, একটি বাটন মোবাইল ফোন ও ১৭০ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারটি বহন করছিলেন।

জব্দ করা সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬২ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম সাইফুল আলম খান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করে আটক যুবককে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।