Published : 22 Jul 2026, 11:58 AM
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার সকালে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান তার রিমান্ডের আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন।
এর আগে সোমবার বিকালে প্রতিবেশী রবিউল শিকদার শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন অনেকক্ষণ মেয়েটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার রবির নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে রবিউল পলাতক ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি অজয় কুণ্ডু বলেন, “ধর্ষণের পর হত্যার ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি রবির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
“তবে তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।”
পুলিশ জানিয়েছে, নিহত শিশুটি নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক রাজমিস্ত্রির মেয়ে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। রবিউল একই গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে ও শিশুটির প্রতিবেশী।
দ্রুত সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে ওসি অজয় কুণ্ডু জানিয়েছেন।
শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, প্রতিবেশী পলাতক