Published : 20 Jul 2026, 08:54 PM
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে প্রতিবেশী রবিউল শিকদার শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”