Published : 24 Apr 2026, 04:27 PM
মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং ভারসাম্য রক্ষার্থে তিন মাসের বেশি সময়ের জন্য মাছ শিকার বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে।
শুক্রবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও সুষম বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
তবে এবার মাছের প্রজননের সময় ঘনিয়ে আসা ও হ্রদের পানি কমতে থাকায় ৬ দিন আগে মাছ শিকার বন্ধ হচ্ছে। যাতে করে শেষ সময়ে এসে মা মাছগুলো শিকার না হয় সেজন্য আগে থেকেই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।
গত ২০ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। মাছ ধরা বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ জেলার স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির তথ্য মতে, নিষেধাজ্ঞাকালীন সময়ে কাপ্তাই হ্রদের নির্ভরশীল জেলে পরিবারগুলোকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেবে সরকার।
পাশাপাশি এসময় অবৈধভাবে মাছ শিকার বন্ধের বিএফডিসি ও নৌ-পুলিশের টহল অব্যাহত থাকবে বলেও জানান উপ-ব্যবস্থাপক মাসুদ আলম।